পাবনার আটঘরিয়ায় নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় ঘাতক ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাজপাড়া ইউনিয়নের হারুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত লোকমান হোসেন (৫৫) মাজপাড়া ইউনিয়নের হারুলপাড়া গ্রামের বাসিন্দা। অভিযুক্ত তার ছেলে কামরুল ইসলাম (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ঘটনার দিন নেশার টাকা চেয়ে বাবার সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়।
এক পর্যায়ে নিজ ঘরের ভেতর ধারালো অস্ত্র দিয়ে বাবা লোকমান হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করে তিনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।