পাবনা সদর উপজেলায় আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ) উপজেলার হেমায়েতপুর, দাপুনিয়া ও মালিগাছা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ মহড়া পরিচালনা করা হয়।
মহড়ায় সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। তারা নির্বাচনী এলাকায় টহল, সন্দেহভাজন যানবাহন তল্লাশি এবং জনসাধারণের মাঝে নিরাপত্তা বার্তা পৌঁছে দেন।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, নির্বাচনের দিন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আগাম প্রস্তুতি হিসেবে এ ধরনের যৌথ মহড়া পরিচালনা করা হচ্ছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।
এ সময় স্থানীয় জনগণ আইনশৃঙ্খলা বাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানান এবং নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সকলকে সহযোগিতার আহ্বান জানান সংশ্লিষ্টরা।