পাবনার আটঘরিয়া উপজেলায় চোরকে হাতেনাতে ধরতে গিয়ে চোরের ছুরিকাঘাতে আসাদ হোসেন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের পারখিদিরপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত আসাদ হোসেন ওই গ্রামের উকিল আলীর ছেলে। সে মৎস্য আহরণ ও কৃষি কাজ করে জীবনযাপন করেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত নয়টার পরে আসাদের ঘরের জানালা দিয়ে চোরের একটি দল মোবাইল ফোন চুরি করে পালাচ্ছিল। এ সময় আসাদের স্ত্রী চিৎকার করলে তিনি দৌড়ে এসে এক চোরকে ধরে ফেলেন। তখন চোরের দল ধারালো অস্ত্র দিয়ে আসাদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে চোর দলের এক সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃত যুবকের নাম সজীব, তিনি একই উপজেলার সোনাকান্দর গ্রামের খলিলের ছেলে।
স্থানীয়দের কয়েকজন অভিযোগ করে বলেন, আজকের ঘটনা ছাড়াও এলাকায় ব্যাপক চোর ডাকাতের উৎপাত বেড়েছে। দিনেদুপুরে চুরি হওয়া শুরু হয়েছে। রাতে গরুর খামারিদের পাহারা দিতে হয়। নতুন করে চোরের আমদানি হওয়াতে এলাকাবাসী আতঙ্কের মধ্যে রয়েছে।