পাবনার আতাইকুলা এলাকার অস্ত্র তৈরির আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। ওই কারখানা থেকে রিভলবারসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় দুই জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) ভোররাতে আতাইকুলা থানার লক্ষ্মীপুর ইউনিয়নের চতরা বিলের ডিপটিউবয়েলের ঘরে ময়েজ বাহিনীর আস্তানায় এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলো পাবনা সদর থানার নিয়ামতপুর গ্রামের মোস্তফার ছেলে মনির হোসেন (৪০) ও একই থানার খোদাইপুর গ্রামের দিরাজের ছেলে রেজাউল করিম (৪২)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে চতরা বিল এলাকার ময়েজ বাহিনী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানা পুলিশ বিশেষ অভিযান চালায়। বিলের মধ্যে আস্তানা থেকে একটি রিভলভার, তিনটি গুলিসহ ওয়ানশুটারগান তৈরির ব্যাট, ব্যারেল, ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, ওয়েলডিং মেশিন, লোহার পাত, গানপাউডারের মতো উপকরণসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, চতরা বিলের দুর্গম চরাঞ্চলে দীর্ঘদিন ধরেই ময়েজ বাহিনীর তৎপরতা চলছিল। দিনের বেলায় তেমন দেখা না গেলেও রাতে তারা অস্ত্রসহ মহড়া দিত। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল।
আতাইকুলা থানার ওসি একেএম হাবিবুল ইসলাম জানান, ময়েজ বাহিনী দীর্ঘদিন ধরে চতরা বিলকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। তারা সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতির মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল। ময়েজের নামে একাধিক অস্ত্র মামলা রয়েছে। অস্ত্র তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে এবং আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদেরও আইনের আওতায় আনা হবে। থানায় মামলার প্রক্রিয়া চলছে।